নোয়াখালীর চাটখিল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. বোরহান (৪৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাটখিল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বোরহান চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং একই ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের খাদুয়া বাড়ির মাওলানা অলি উল্লার ছেলে।
র্যাব-১১ জানায়, মামলার ভিকটিম মো. মামুনুর রশিদ খানকে আসামিরা তাদের সঙ্গে অপরাধমূলক কাজ করার জন্য বিভিন্নভাবে প্রভাবিত করে আসছিল। তিনি আসামিদের সঙ্গে অপরাধমূলক কাজ করতে রাজি না হয়ে প্রতিবাদ করলে আসামি বোরহানসহ অপরাপর আসামিরা রশিদ খানকে হত্যা করার হুমকি প্রদানসহ হত্যার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৮ মে রশিদ খান তার সঙ্গীয় মাহবুবসহ মোটরসাইকেল যোগে দেলিয়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। যাত্রা পথে রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউয়িনের ৩নম্বর ওয়ার্ডের পূর্ব আমানি লক্ষীপুর গ্রামের সাবেক মেম্বার সাহাব উদ্দিনের পুরান দোকানের সামনে পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রশিদ খানের মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। আদালত মামলার বিচারকার্য শেষে গ্রেপ্তার আসামি বোরহানের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন।






