ধর্ম

কোরআন নাজিলের মাস মাহে রমজান

রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি অপার অনুগ্রহ। মানুষ যেন তাওবার মাধ্যমে পাপ মোচন করতে পারে, অল্প ইবাদতে বেশি নেকি লাভ করতে পারে, এ জন্য আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস দিয়েছেন। এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, এটিও রমজানের বিশেষ একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘রমজান মাস, যে মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য (আদ্যোপান্ত) হিদায়াত এবং এমন সুস্পষ্ট নির্দেশনাবলি সম্পন্ন, যা সঠিক পথ দেখায় এবং (সত্য-মিথ্যার মধ্যে) চূড়ান্ত ফয়সালা করে দেয়।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৮৫)
কোরআন অবতীর্ণ করার মাধ্যমে রমজানকে মর্যাদাপূর্ণ করা হয়েছে। কোরআন অবতরণের মাস, তাই কোরআনের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরির মাস।

রমজান মাসে রোজা পালন করা ফরজ আর এ মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং রমজানের সঙ্গে রোজা এবং কোরআনের যেমন একটা সম্পর্ক আছে, ঠিক তেমনি কোরআন ও রোজার মধ্যেও একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে।

তাহলো আল্লাহ তাআলার নিকট বান্দার জন্য সুপারিশ। হাদিস থেকে জানা যায়, রোজা ও কোরআনে উভয়েই কিয়ামত দিবসে বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ! আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌনাচার থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো।

কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম (অর্থাত্ সে রাত জেগে কোরআন তিলাওয়াত করত)। তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। অতঃপর আল্লাহ তাআলা উভয়ের সুপারিশ গ্রহণ করবেন। (মুসনাদে আহমাদ, হাদিস : ৬৬২৬)
পবিত্র কোরআন তিলাওয়াতের নেকি ও প্রতিদান অনেক বেশি। নফল ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াতই হলো সর্বোত্তম।

Leave a Reply