লক্ষ্মীপুরের কমলনগরে ১৮ কেজি গরুর মাংস কিনলে তিন কেজি কম দেন কসাই। এটা দেখে ভিডিও করতে গেলে মারধরের শিকার হন ক্রেতা। এ ঘটনায় সোমবার (৩ মার্চ) বিকেলে দুই কসাইকে আটক করেছে পুলিশ। কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আটক দুই কসাই হলেন- মো. বাহার ও হারুন। ভুক্তভোগী ক্রেতার নাম মনতাজুর রহমান। তিনি উপজেলার চরমার্টিন ইউনিয়নের চরমার্টিন গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী মন্তাজুর রহমান জানান, পারিবারিক অনুষ্ঠানের জন্য শনিবার (১ মার্চ) তিনি তোরাবগঞ্জ বাজারে মাংস কেনার জন্য আসেন। এ সময় বিক্রেতা বাহারের সঙ্গে ৭৮০ টাকা দরে হাড় ছাড়া ১৮ কেজি মাংস কেনার জন্য মূল্য নির্ধারণ করা হয়। এতে বাহার ও তার লোকজন ১৮ কেজি মাংস দেন। একপর্যায়ে তার নজরে আসে দাড়িপাল্লায় মাংসের সঙ্গে দুই কেজি ও এক কেজি ওজনের দুইটি বাটখারা রয়েছে। এতে ১৮ কেজি মাংসের স্থলে তাকে ১৫ কেজি দেওয়া হয়েছে। এটা বুঝতে পেরে তিনি ভিডিও করতে গেলে কসাইয়ের লোকজন তাকে কিল-ঘুষি মেরে নিচে ফেলে দেন। তিনি উঠতে গেলে আবারও কিলঘুষি মারেন। একপর্যায়ে দাড়ি ধরে টেনে তাকে হেনস্তা করা হয়।






