রাজধানী

সন্ত্রাসী তৎপরতা ও আধিপত্য বিস্তার: ‘শুটার সাব্বির’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসী তৎপরতা, ককটেল নিক্ষেপ এবং এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে মোঃ সাব্বির হোসেন ওরফে ‘শুটার সাব্বির’ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। পুলিশের অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও পুরো অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবী থানাধীন সেকশন-১১, এভিনিউ-৫, লাইন-২২ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুই সহযোগী মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অভিযুক্তরা বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল। তবে পুলিশ ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক বা সংশ্লিষ্ট আলামত উদ্ধার করতে পারেনি।

লিশের এ অভিযানে ‘শুটার সাব্বির’ গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং আধিপত্য বিস্তারের অপচেষ্টা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট দাবি, একজনকে গ্রেপ্তার করেই যেন অভিযান শেষ না হয়। পলাতক দুই সহযোগীকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি কথিত এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কারা অর্থ, আশ্রয়-প্রশ্রয় কিংবা সাংগঠনিক সহযোগিতা দিচ্ছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে। অপরাধের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী আরও বলেন, অপরাধের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ তদন্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়, পেশিশক্তি কিংবা প্রভাবশালী মহলের আশ্রয়ে কেউ যেন আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ না পায়। পাশাপাশি মামলার তদন্ত, সাক্ষীদের নিরাপত্তা এবং জামিনে মুক্তির পর অভিযুক্তদের সম্ভাব্য কর্মকাণ্ডের বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর নজরদারি প্রয়োজন।
গ্রেপ্তার সাব্বিরের পিতার নাম মোঃ মোস্তাক এবং মাতার নাম ছাবিয়া। তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরিচা এলাকায়। বর্তমানে তিনি পল্লবীর সেকশন-১১, পলাশনগর আবাসিক এলাকার রোড-১০/১, ব্লক-ই, ৫৪ নম্বর প্লটে বসবাস করেন।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার সাব্বির ও পলাতক দুই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দায়ের করা নিয়মিত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

পল্লবী থানা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে তাদের দাবি, অভিযান যেন কেবল একজনকে গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। পুরো চক্রের সদস্যদের শনাক্ত, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই এবং অপরাধের নেপথ্যে থাকা পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

দৈনিক আমাদের সমাচারের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি— পল্লবীর আবাসিক এলাকায় সন্ত্রাসী তৎপরতা, ককটেল নিক্ষেপ, ভয়ভীতি প্রদর্শন ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। পলাতক দুই সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে পুরো চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়। পল্লবীর আবাসিক এলাকায় সন্ত্রাস ও আতঙ্কমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এখন এলাকাবাসীর প্রধান দাবি।

Leave a Reply