রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে।
এ বিষয়ে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই পাশের চালক ও হেলপারকে মারপিট করছিল। পরে আমরা তাদের উদ্ধার করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি। বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানায়নি।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্প্রতি বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে আসছে সরকার।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই এই মাসের শুরু থেকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।






