নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধারে নেমেছে প্রশাসন। গত দুই সপ্তাহে আট কোটি টাকার বেশি মূল্যের সরকারি জমি উদ্ধার করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
গত ২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মোট ৫০ দশমিক ১৪ একর সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করে এই সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) অনুপস্থিত থাকায় উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব পালনকালে এই ভূমি উদ্ধার করেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. অব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত জমির মৌজা ভিত্তিমূল্য আট কোটি বাষট্টি লক্ষ চুয়ান্ন হাজার তিনশত ঊননব্বই টাকা। এর প্রকৃত বাজারমূল্য ২-৩ গুণ বেশি হতে পারে।
তিনি আরও জানান, নিয়মিত কর্মকর্তার অনুপস্থিতিতে অনেক সেবা সাময়িকভাবে বিঘ্নিত হলেও সরকারি স্বার্থরক্ষায় কাজগুলো মাইলফলক হয়ে থাকবে। সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং জনস্বার্থে সরকারি ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।






