রাজধানী

মিরপুরের ৮ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কমিটিতে বিতর্কিত ও স্বৈরাচারের দোসরদের আধিপত্য!

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৮ নম্বর ওয়ার্ডে গঠিত স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কমিটি নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো একটি জনকল্যাণমূলক ও অরাজনৈতিক উদ্যোগের কমিটিতে সাবেক স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তি, বহিষ্কৃত বিএনপি নেতা এবং বিতর্কিত শিক্ষকের অন্তর্ভুক্তি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। যে ব্যক্তিদের রাজনৈতিক ভূমিকা ও অতীত কর্মকাণ্ড নিয়ে এত অভিযোগ, তাঁদের হাতে জনসেবামূলক দায়িত্ব তুলে দেওয়া হলে সাধারণ মানুষের নিরাপত্তা, স্বার্থ ও আস্থা কতটা সুরক্ষিত থাকবে—এমন প্রশ্নও সামনে এসেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের কথা বলে গঠিত এই কমিটির সদস্যদের তালিকা গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ উঠেছে, জনকল্যাণমূলক উদ্যোগের আড়ালে রাজনৈতিকভাবে বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তিদের জায়গা করে দেওয়া হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, কমিটির টিম লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলায়মান দেওয়ান। তিনি শাহ আলী থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি। বহিষ্কৃত একজন নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

কমিটির সদস্য কাজী তপনকে ঘিরেও রয়েছে নানা বিতর্ক। তিনি মিরপুর-১ বাজার কমিটির সভাপতি। স্থানীয়দের অভিযোগ, তিনি সাবেক স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী ও দোসর হিসেবে পরিচিত। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি দলটির অর্থ জোগানদাতা হিসেবেও তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে রূপনগর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলায় আসামি থাকার অভিযোগও উঠেছে। এ ছাড়া তিনি সাবেক কাউন্সিলর টিপু সুলতানের আপন চাচাতো ভাই। এমন বিতর্ক ও অভিযোগের মধ্যেও তাঁকে পরিচ্ছন্নতা কমিটিতে অন্তর্ভুক্ত করায় স্থানীয় মহলে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

কমিটিতে স্থান পেয়েছেন মনিকানন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। তাঁর নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করা এবং বিদ্যালয়ের কক্ষ রাজনৈতিক কার্যালয় হিসেবে ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে। একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে পরিচ্ছন্নতা কমিটিতে অন্তর্ভুক্ত করায় সমালোচনা আরও বেড়েছে।

অন্যদিকে, কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কাজী মাইনউদ্দিনের বিরুদ্ধেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, পলাতক সাবেক সংসদ সদস্য নিখিলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি এবং দলীয় কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ উঠেছে।

সব মিলিয়ে স্থানীয়দের প্রশ্ন, যাঁদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, বিতর্কিত কর্মকাণ্ড ও নানা অভিযোগ রয়েছে, তাঁদের হাতে জনসেবামূলক দায়িত্ব তুলে দেওয়ার পেছনে কারা রয়েছেন? একটি অরাজনৈতিক পরিচ্ছন্নতা কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্তির মাধ্যমে কি বিতর্কিতদের পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে? যাঁদের অতীত ও ভূমিকা নিয়ে এত প্রশ্ন, তাঁদের হাতে সাধারণ মানুষের স্বার্থ ও জননিরাপত্তা কতটা সুরক্ষিত থাকবে?

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সচেতন মহল কমিটি গঠনের পুরো প্রক্রিয়া, সদস্যদের যোগ্যতা, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে কারা, কী বিবেচনায় এবং কোন প্রক্রিয়ায় এসব ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন, তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

জনগণের সেবা করার দায়িত্ব কোনো ব্যক্তির রাজনৈতিক প্রভাব কিংবা বিতর্কিত অতীতকে আড়াল করার হাতিয়ার হতে পারে না। পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক উদ্যোগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং জনগণের আস্থা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, বিতর্কিতদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে জায়গা করে দেওয়ার পেছনে কারা কলকাঠি নাড়ছেন এবং এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়?

নিউজ ডেস্ক:

Leave a Reply