চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন। চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩৮ জন, শিবগঞ্জে ৬ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। জেলা হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ২ জনকে।
বর্তমানে চিকিৎসাধীন ৯৮ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৯ জন নারী। তাঁদের মধ্যে জেলা হাসপাতালেই রয়েছেন ৫৭ জন।
সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, অব্যবহৃত পাত্র, ডাবের খোসা ও পরিত্যক্ত টায়ার নিয়মিত পরিষ্কার করতে হবে। জ্বর, মাথাব্যথা ও শরীরব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।






