যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভারপ্রাপ্ত মো. আনিসুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু বক্কর প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। এ দিবস জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনা স্মরণ করিয়ে দেয়। নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস ও দিবসটির তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে দল-মতনির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






