রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় একটি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় নোটিশ জারি করেছে পুলিশ। নালিশী সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ প্রদান করেছেন আদালত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর, ২০২৬ তারিখে পিটিশন মামলাটির (নং-২০০/২০২৬) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার নোটিশ থেকে জানা যায়, কামারপাড়া মৌজাস্থিত এই জমির প্রথম পক্ষ হিসেবে রয়েছেন মো. হাবিবুর রহমান মানিক, যার পক্ষে আম-মোক্তার নিযুক্ত আছেন মোহাম্মদ আজিজুর রহমান। দ্বিতীয় পক্ষে রয়েছেন মৃত মো. আব্দুর রাজ্জাকের ওয়ারিশগণ (মো. ফয়সাল আহম্মেদ, মো. এরশাদ, মো. আওরঙ্গ, মো. অনিক, মোসা. রিনা বেগম) ও রোশিয়া বেগমসহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি। প্রথম পক্ষের দাবি অনুযায়ী, ঢাকা সিটি জরিপের ১৫৮৭ দাগের ৪৮.৭৪ শতাংশ জমির মধ্যে ১৬.৫০ শতাংশ (পশ্চিম সীমানার প্রায় ৬.৫০ শতাংশ) জমি তাদের ভোগদখলীয় সম্পত্তি।
তবে সরকারি নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বিরোধপূর্ণ ওই ১৫৮৭ নম্বর দাগের ১৪.০৯ শতাংশ (০.১৪০৯০০ একর) জমির নামজারি বা মিউটেশন ইতোমধ্যে দ্বিতীয় পক্ষের নামে সম্পন্ন হয়েছে। মিরপুর রাজস্ব সার্কেল থেকে গত ৮ অক্টোবর, ২০২৬ তারিখে মো. ফয়সাল আহমেদ, মোসা. হাছিনা, রিনা হক, মো. এরশাদ, মো. আওরঙ্গ জেব এবং অনিক মাহমুদের নামে এই মিউটেশন (মামলা নং- ৪৩৩৯(IX-I)/২০২৬-২৭) অনুমোদিত হয়। এছাড়া, গত ১১ অক্টোবর, ২০২৬ তারিখে ওই জমির (খতিয়ান নং- ২০২৬-১০০১৭১) পূর্বের বকেয়া ও হাল দাবিসহ সর্বমোট ১৬ হাজার ৮৭০ টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করে রসিদও সংগ্রহ করেছেন তারা।
বিবাদী পক্ষ বলছেন ১৪৫ ধারা অমান্য করে প্রথম পক্ষ জোর পূর্বক কাজ করছেন।






