জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে জেলা জাসদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি আব্দুল হামিদ রুনু’র সভাপতিত্ব ও জাসদ নেতা আব্দুল মজিদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলার, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বীর হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান তাঁরা।
সভায় বক্তারা মগের মুল্লুকসুলভ শাসনের অবসান, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী বিদেশিদের সঙ্গে করা সব চুক্তি বাতিলের দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জাসদের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।






