সারাদেশ

যশোরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ 

যশোরে সার ডিলার নিয়োগে দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর পাঁচ সংসদ সদস্য। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা বিতর্কিত তালিকা বাতিল করে সরকারি নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগের দাবি জানান।

সংবাদ সম্মেলনে পাঁচ সংসদ সদস্যের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল। তিনি অভিযোগ করেন, জেলার ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় সার ডিলার নিয়োগে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিএনপির সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যের সুপারিশ উপেক্ষা করে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জেলা বিএনপির দেওয়া তালিকা অনুযায়ী চূড়ান্ত তালিকা তৈরি করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তালিকায় মাদকসহ আটক ব্যক্তির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ডিলারশিপ দেওয়ার অভিযোগও তোলেন তাঁরা।

সংবাদ সম্মেলনে সার ও বীজ মনিটরিং কমিটিতে তাঁদের মতামত উপেক্ষা করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা। তাঁরা অনিয়মের নিন্দা জানিয়ে তালিকা বাতিল এবং সৎ ও যোগ্য ব্যবসায়ীদের ডিলার নিয়োগের দাবি জানান।

এ সময় যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীসহ জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply