সারাদেশ

শিবগঞ্জে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার, ভারতীয় বিড়ি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মো. নাইম হক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১। এ সময় তাঁর বসতবাড়ি থেকে ৩৭ বোতল বিদেশি মদ, ওষুধজাতীয় পণ্য ও বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজনগর হাংগামী এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. বাবুল ও মোছা. কারিমার ছেলে।

এসআরবি জানায়, নাইমের শয়নকক্ষের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ বোতল বিদেশি মদ, ১২ বোতল ‘Kuf Relief’ ও ৬৬ বোতল ‘WINCEREX’ উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১ হাজার টাকা। এ ছাড়া ৩৫ বান্ডেলে ৭০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, এক পোটলা খোলা বিড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক:

Leave a Reply