সারাদেশ

​ভোলাহাটে বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

বুধবার (২১ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানটি ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে পরিচালনা করা হয়। স্থানটি সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। সেখান থেকেই মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে আরও জানানো হয়েছে, জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply