সারাদেশ

শরীয়তপুরের ১০ জেলের কারাদণ্ড

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ১০ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ইঞ্জিনচালিত ট্রলার, ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান। অভিযানে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—মো. মনির (২৪), ফারুক খলিফা (২৬), সোহেল আকন (২০), মো. চান মিয়া (২২), ইমরান চৌকিদার (২৪), জাফর মিয়া (২০), মো. শফিক খা (৩০), মিরাজ খা (২২), মো. জলিল খা (১৯) ও নুর ইসলাম মুন্সি (৬৫)।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের জাজিরা থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা জানান, জব্দ করা চারটি ইঞ্জিনচালিত ট্রলার ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে আটক ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালাচ্ছে প্রশাসন।

নিউজ ডেস্ক:

Leave a Reply