জাতীয়

পায়ে হেঁটে জনতার কাতারে নাহিদ, বললেন ‘লড়াই শেষ হয়নি’

সরকারি গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। সেখানে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন পায়ে হেঁটে।

পদত্যাগের মধ্য দিয়ে এই তরুণ রাজনীতিতে ফিরছেন।কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, সরকার পতনের একদফা থেকে সরকারের তথ্য উপদেষ্টা— গত ছয় মাসে নাহিদ ঘটনাবহুল এক জীবনের মধ্যে ছিলেন। ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি সংগঠনের সদস্যসচিব থেকে তিনি হয়ে ওঠেন ফ্যাসিবাদী সরকার হঠানোর অন্যতম অগ্রনায়ক।

সরকার থেকে দায়িত্ব ছেড়েই নাহিদ বলেন, ‘লড়াই এখনো শেষ হয়নি। নতুন রূপে শুরু হচ্ছে। ’ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত হতে যাওয়া সম্ভাব্য নতুন দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলটি আত্মপ্রকাশ করবে। তার আগেই দলের কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব নেবেন তিনি। দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে নাহিদ লেখেন, জুলাই অভ্যুত্থানের শহীদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন কেবল সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয়। তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি— একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে।

এদিকে সরকার ছেড়ে রাজনীতির মাঠে ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাহিদ ইসলামের সহযোদ্ধা ও নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে যাওয়া সদস্যরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদের ছবি দিয়ে স্বাগত জানাচ্ছেন।

নাহিদের পদত্যাগের পর জুলাই আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে লেখেন, রাজপথে স্বাগতম, সহযোদ্ধা। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। ’

নাহিদ ইসলামের আগামীর যাত্রার প্রতি শুভকামনা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তারও পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়ার কথা রয়েছে।

আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম লেখেন, আপনাকে রাস্তার কাতারে ফিরে পেয়ে অসম্ভব গর্ব হচ্ছে। আবু বাকের মজুমদার লেখেন, ওয়েলকাম ব্যাক কমরেড।

Leave a Reply