দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় পার্বতীপুর মডেল থানার হলরুমে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবকুমার বিশ্বাস। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি ও সহযোগিতার আশ্বাস দেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৈলাস প্রসাদ সোনা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দিপেশ চন্দ্র রায়, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া কমল কুমার দাসসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা বক্তব্য দেন।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। এবার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।






