রাজধানী

মিরপুরে চুরি করতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শাহ আলী থানায় একাধিকবার ফোনের অভিযোগ এলাকাবাসীর, সকাল ৯টায় ঘটনাস্থলে পুলিশ—জরুরি সেবায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাজধানীর মিরপুর-১ নম্বর ডি ব্লকের ৫ নম্বর রোডে চুরির অভিযোগে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আনুমানিক ১৩–১৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিশুকে স্থানীয়রা আটক করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, গতরাত আনুমানিক আড়াইটার দিকে দুই শিশু চুরির উদ্দেশ্যে একটি ভবনে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করার চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয়। এ সময় অপর শিশু ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা শাহ আলী থানায় একাধিকবার ফোন করে বিষয়টি জানান বলে দাবি করেছেন। তবে তাদের অভিযোগ, রাত থেকে বারবার ফোন করে খবর দেওয়ার পরও পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে সকাল আনুমানিক ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান এলাকাবাসী।

ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, জরুরি মুহূর্তে একাধিকবার ফোন করার পরও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়মতো ঘটনাস্থলে না পৌঁছায়, তাহলে বিপদের মুহূর্তে সাধারণ মানুষ পুলিশের ওপর কতটা প্রত্যাশা রাখতে পারে?
তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং পুলিশকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ঘটনাটির মতো সংবেদনশীল পরিস্থিতিতে দ্রুত আইনগত ও মানবিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply