ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলায় ২নং বালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর রাসেল এবং একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জুয়েলকে আর্থিক সহায়তা প্রদান করে উদারতা ফাউন্ডেশন।
মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করা মো. রাসেল এবং মো. জুয়েলের চিকিৎসা সহায়তায় পাশে এসে দাঁড়িয়েছে সেবামূলক সংগঠন ‘উদারতা ফাউন্ডেশন’। চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাওয়া এই দুই রোগীর হাতে সংগঠনটির পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মারাত্নক ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন রাসেল ও জুয়েল। অর্থাভাবে তাঁদের প্রয়োজনীয় ওষুধ ও থেরাপি গ্রহণ ব্যাহত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উদারতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ দ্রুত উদ্যোগ নেন এবং তাঁদের চিকিৎসার সুব্যবস্থার জন্য এই নগদ অর্থ প্রদান করেন।
সহায়তা প্রদানকালে উদারতা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, “ক্যান্সার একটি ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী ব্যাধি। সঠিক সময়ে চিকিৎসার অভাবে যেন কোনো জীবন প্রদীপ নিভে না যায়, সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা রাসেল ও জুয়েলের পাশে দাঁড়িয়েছি।
সমাজ ও মানবতার কল্যাণে উদারতা ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
আর্থিক সহায়তা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন রাসেল ও জুয়েলের পরিবারের সদস্যরা।
তাঁরা উদারতা ফাউন্ডেশনের এই মহান উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে রোগীদের দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
উদারতা ফাউন্ডেশনের এই সহায়তার মাধ্যমে সমাজের অন্যান্য বিত্তবান ও সেবামূলক সংগঠনগুলোও অসহায় ও মুমূর্ষু রোগীদের চিকিৎসায় এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।






