ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় শান্তিমোড় থেকে রামকৃষ্ণপুর গ্রামের আশপাশের এলাকায় পৌরসভার টিম-৮ এ অভিযান পরিচালনা করে। এ সময় ফগার মেশিনে মশক নিধন, গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাই এবং বিভিন্ন স্থানে কীটনাশক ছিটানো হয়।
পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা, লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহাঃ নওরোজ হুদা। রেড ক্রিসেন্ট, স্কাউটস ও পৌরসভার কর্মচারীরা এতে অংশ নেন।
পৌরসভার অন্যান্য টিমও বিভিন্ন ওয়ার্ডে একই ধরনের মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পাশাপাশি নাগরিকদেরও বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল ও ফুলের টবসহ যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।






