শিক্ষা

তরুণদের জন্য ডিকেসি ডিজিটাল রেসপেক্ট অ্যান্ড কোহেশন ফেলোশিপ

তরুণদের নেতৃত্ব, উদ্ভাবন ও ডিজিটাল শান্তি প্রতিষ্ঠায় আট মাসব্যাপী ‘ডিকেসি ডিজিটাল রেসপেক্ট অ্যান্ড কোহেশন ফেলোশিপ ২০২৬’ আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশের আট বিভাগের আটটি দল অংশ নেওয়ার সুযোগ পাবে।

ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ (DKC) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) ‘পার্টনারশিপস ফর অ্যা মোর টলারেন্ট, ইনক্লুসিভ বাংলাদেশ (PTIB)’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করছে। সংলাপ, সৃজনশীলতা ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে সামাজিক সংহতি, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠাই এর লক্ষ্য।

ফেলোশিপে প্রতি দলে ৩ থেকে ৫ জন সদস্য থাকতে পারবেন। পাঁচ সদস্যের দল হলে তিনজন কোর ফেলো হিসেবে বুটক্যাম্পে অংশ নেবেন এবং দুজন রিজার্ভ সাপোর্ট সদস্য হিসেবে কাজ করবেন। প্রতিটি দলের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ থাকবে।

বাংলাদেশের ১৮ থেকে ২৫ বছর বয়সী নাগরিকরা এতে অংশ নিতে পারবেন। আগামী ৩ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। পাঁচটি বিষয়ের যেকোনো একটিকে কেন্দ্র করে দলগুলো কাজ করবে—সাইবার বুলিং ও অনলাইন হয়রানি, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও ধর্মীয় সহিষ্ণুতা, জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের অন্তর্ভুক্তি, লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অ্যাম্বাসেডর পিউস সাহা বলেন, শিক্ষার্থীদের অনেক উদ্ভাবনী ধারণা থাকলেও অর্থায়ন ও সঠিক দিকনির্দেশনার অভাবে তা বাস্তবায়নের সুযোগ হয় না। এ ফেলোশিপ তাদের সেই সুযোগ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফেলোশিপের সময়কাল সেপ্টেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। আবেদন থেকে চূড়ান্ত প্রদর্শনী পর্যন্ত ছয়টি ধাপে নির্বাচিত দলগুলো নিজ নিজ বিভাগে অর্থায়নসহ আট মাসের ডিজিটাল শান্তি-নির্মাণ উদ্যোগ বাস্তবায়ন করবে।

Leave a Reply