বজ্রপাতের ঝুঁকি কমানো, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় চার হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা বাজার থেকে আমবাড়ী বাজার পর্যন্ত এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুরুল ইসলাম ও মনজিলা হাসনাত উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সড়কের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি তালগাছের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিটির আয়োজন করে প্রাথমিক শিক্ষা পরিবার, আমতলী ক্লাস্টার, চিরিরবন্দর, দিনাজপুর।






