পলাতক হাসিনার নির্দেশে দেশে সন্ত্রাসী কার্যক্রম চলছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশির ভাগ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিছু নেতা দেশে থেকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে। তাদেরকেও ধরে ভারত পাঠাতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন। এখন দেখতে চাই। বুকের রক্ত নিয়েছেন, মায়ের বুকে খালী করেছেন। তাই আসেন, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের রথখোলা এলাকা থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ -১ আসনের এমপি মোঃ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ -২ আসনের এমপি এডভোকেট মোঃ জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল, জেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আখড়াবাজার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা।
এর আগে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে রথখোলা মাঠে জড়ো হয় দলীয় নেতাকর্মীরা।






