ক্ষমতার মোহে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাসের পথ’ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। একই পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যসংবলিত একটি গণমাধ্যমের ফটোকার্ডও শেয়ার করেন রাশেদ খান।
পোস্টের ক্যাপশনে রাশেদ খান লেখেন, ‘ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বাসে আগুন, ট্রেনে আগুন, ককটেল-বোমা মেরে দেশকে অশান্ত করার মূল হোতা তাহলে জামায়াত-এনসিপি?’
এর আগে ১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল করে না বলে বিএনপির করা অভিযোগের প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘এটা ঠিক না। গতকালও দুটি মিছিল হয়েছে। আমরা তো বলছি আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার।’
তিনি আরও বলেন, ‘১১ দলীয় জোট এটাই তো বলে আসছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণভোটের বিচার…আমরা তো এই ৩টা দাবিতে রাজপথে আছি। সরকার দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’
সোমবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে নেভিগলিতে দেওয়া বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন






