অর্থনীতি

নতুন দামে কোন সিগারেট কত টাকা?

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব সই করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬৫ টাকা। অর্থাৎ এ স্তরের সিগারেটের দাম আগের তুলনায় ৩ টাকা বেড়েছে।

অন্যদিকে, মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব নির্ধারিত রয়েছে।

নতুন দামে সিগারেটের মূল্য, নিম্নস্তর: প্রতি ১০ শলাকা সর্বোচ্চ ৬৫ টাকা, মধ্যম স্তর: প্রতি ১০ শলাকা ৯২ টাকা, উচ্চ স্তর: প্রতি ১০ শলাকা ১৬০ টাকা ও প্রিমিয়াম স্তর: প্রতি ১০ শলাকা ২১০ টাকা ও তদূর্ধ্ব।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এর আগেও সিগারেটের বিভিন্ন স্তরের দাম বাড়ানো হয়েছিল। তখন নিম্নস্তরের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। একই সময়ে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এরপর সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বুধবার নতুন করে প্রজ্ঞাপন জারি করল এনবিআর।

ফলে নতুন নির্ধারিত মূল্যে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬৫ টাকা। মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম আগের নির্ধারিত মূল্যেই থাকছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply