অনলাইনভিত্তিক তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এনবিআর থেকে এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানায়।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে-ক্রিয়েশনের কার্যালয়ে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি জব্দ করা হয়।
এনবিআর আরও জানায়, জব্দ করা তথ্য ও প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত নথি যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে।
সংগৃহীত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই শেষে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় এনবিআর।





