চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী জোরালো অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ বোতল বিদেশী মদ এবং ৩১ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয় সোনামসজিদ বিওপি’র অভিযান: গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬:১০ ঘটিকার সময় সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস এর প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৪ বোতল বিদেশী মদ আটক করা হয়।

তেলকুপি বিওপি’র অভিযান: একই তারিখ মধ্যরাত ২৩:২০ ঘটিকার সময় তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৬-এস এর প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামস্থ অপর একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ এবং ২৪ বোতল ‘Fairdyl’ সিরাপ জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”






