আইন-আদালত

ঠাকুরগাঁওয়ে ১৫০ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শিবগঞ্জিয়া দক্ষিণ গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বেলাল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জগন্নাথপুর ইউনিয়নের শিবগঞ্জিয়া দক্ষিণ গ্রামের নিজ বসতঘরের দুই কক্ষবিশিষ্ট টিনের ঘরের পূর্ব পাশের উত্তর-দক্ষিণ দুয়ারী মাটির দেওয়াল ও টিনের চালাযুক্ত ঘরের পেছনে লুকানো অবস্থায় বেলাল হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ ও বসতঘর তল্লাশি করে একটি পলিথিনের মধ্যে থাকা অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের মধ্যে ছিল Tapal-100 নামীয় টাপেন্টাডল ট্যাবলেটের ১৫ পাতা, প্রতি পাতায় ১০টি করে মোট ১৫০ পিস ট্যাবলেট।

আটক বেলাল হোসেন জগন্নাথপুর ইউনিয়নের শিবগঞ্জিয়া দক্ষিণ গ্রামের মো. হযরত আলীর ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Leave a Reply