সারাদেশ

রান্নাঘরে ককটেল বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল, হাসপাতালে গৃহবধূ

শরীয়তপুরের জাজিরায় একটি বসতবাড়ির রান্নাঘরে মজুত রাখা বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রান্নাঘরের টিনের চাল উড়ে যাওয়াসহ আশপাশের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নাঘরের ভেতর কাজে ঢোকেন রোকেয়া বেগম। এ সময় আগে থেকে মজুত রাখা বিপুলসংখ্যক ককটেল বোমা একযোগে বিস্ফোরিত হয়। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে এবং বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের চাল ও বেড়া উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে পড়ে। এতে পাশের সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রোকেয়াকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, দুপুরে রোকেয়া বেগম নামের এক নারীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, যা বোমা বিস্ফোরণের ফলে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। এর জেরে গত ১০ আগস্ট দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং মান্নান সরদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। শনিবারের বিস্ফোরণ ঘটা বাড়ির মালিক ফারুক ছৈয়াল বিএনপি নেতা রেজাউল শিকদারের সমর্থক বলে স্থানীয়রা দাবি করেছেন।

এ বিষয়ে রেজাউল শিকদার বলেন, ‘আমি রাজনীতি করি। হয়তো সে আমার মিছিল মিটিংয়ে যেতে পারে। আবার সে অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় সেখানের বিএনপির মিছিল মিটিংয়েও যেতে পারে। তবে সে যে সরাসরি আমার সমর্থক, এমনটা নয়। আমি ঢাকায় অবস্থান করছি। বিস্ফোরণের ব্যাপারে বলতে পারি না।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে বিপুলসংখ্যক ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চাল উড়ে গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা সেখানে ককটেলগুলো মজুত করে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply