সারাদেশ

দিনাজপুরে শ্রমিকদের সড়ক অবরোধ: সড়কে রোগীর মৃত্যু, ক্ষোভ

দিনাজপুরে মোটর শ্রমিক নেতা বাদশাকে পুলিশ আটক করায় শ্রমিকরা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে। যার  কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে এক মুমূর্ষু আদিবাসী রোগীর মৃত্যু হয়েছে। নিহতের নাম গোপিন মূরমূ (৫৫)। তিনি জেলার খানসামা উপজেলার পাঁচপীর ডাংগাপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এই মৃত্যুর ঘটনায় শ্রমিক নেতাদের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপিন মূরমূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে একটি মাইক্রোবাসযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি গোপালগঞ্জ বাজারে পৌঁছালে আন্দোলনরত মোটর শ্রমিকরা শহরের মূল  রাস্তা দিয়ে সেটি আসতে বাধা দেয়।

রোগীর স্বজনরা ভেতরে মুমূর্ষু রোগী থাকার কথা জানিয়ে বারবার অনুরোধ করলেও শ্রমিকরা গাড়িটি ছাড়েনি।
পরবর্তীতে নিরুপায় হয়ে স্বজনরা বিকল্প পথ হিসেবে গ্রামের ভেতরের কাঁচা ও অলিগলি রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ভাঙা ও কাঁচা রাস্তায় গাড়ি ধীরগতিতে চলায় হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে গোপিন মূরমূ মারা যান।

এদিকে, আন্দোলনের নামে জরুরি চিকিৎসায় বাধা দিয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এই ঘটনায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

মানবাধিকার কর্মীদের মতে, আন্দোলনের সময় রোগীবাহী গাড়ি ছাড়ার নিয়ম থাকলেও তা অমান্য করা হয়েছে, যার দায় শ্রমিক নেতারা কোনোভাবেই এড়াতে পারেন না। নিহতের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply