সারাদেশ

প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা

লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে শিয়াল জবাই করে এর মাংস বিক্রির অভিযোগে মো. ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাংস বিক্রির সময় প্রমাণের জন্য পাশে শিয়ালের কাটা মাথাও রেখেছিলেন তিনি। গত রোববার উপজেলার চর মার্টিনের মুন্সিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।এ ঘটনায় মো. ইব্রাহিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় লোকজন ও পুলিশের ভাষ্য, মুন্সিগঞ্জ বাজারের কাছে একটি জালে শিয়ালটি আটকা পড়েছিল। এরপর ইব্রাহিম সেটি জবাই করে মাংস বিক্রির উদ্যোগ নেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে ধাওয়া করেন। পরে খবর পেয়ে কমলনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ‘বন্য প্রাণী হত্যার পর মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধের সক্ষমতা তার ছিল না। পরে মুন্সিগঞ্জ বাজার কমিটির লোকজন নিজেদের মধ্যে টাকা তুলে জরিমানার অর্থ পরিশোধ করেন।’

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বন্য প্রাণী, এর মাংস বা দেহাংশ দখলে রাখা, কেনাবেচা কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।’

নিউজ ডেস্ক:

Leave a Reply