সারাদেশ

নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীভিন্নী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আবু বক্কর, বিপুল, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল ও রাজ্জাকের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজানের ঈদে ভাগ-বাটোয়ারায় গরু কেনাকে কেন্দ্র করে একই গ্রামের নজরুল ও জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইপক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। এরই জেরে রোববার ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, পূর্বশত্রুতা, প্রভাব বিস্তার এবং চলমান মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply