রাজধানীর মোহাম্মদপুরবাসীর কাছে আতঙ্কের নাম ‘কবজি কাটা’ গ্রুপ। এ গ্রুপের নেতৃত্ব দেন মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার। যেকোনো সময় তিনি ও তার লোকজন চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। কেটে নেন হাতের কবজি। এরপর সেই কবজি দিয়ে উল্লাস করেন, কখনো কখনো টিকটক ভিডিও বানান।
বহুল আলোচিত অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি সেই মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার ২ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
তিনি বলেন, অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।






