আগামী বছরের মার্চে হতে যাওয়া নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এর আগেই তার গদি নড়বড়ে হয়ে পড়েছিল। বিশ্বকাপের মুনাফার অংশ ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। যার লভ্যাংশ পাওয়ার প্রস্তাব ছিল সদস্য দেশগুলোর প্রতিও। তবে ব্যাপক সমালোচনা ও পদত্যাগ দাবির মুখে ইনফান্তিনো সেই পরিকল্পনা থেকে সরে আসেন।
ফিফার বিবৃতিতে বলা হয়, মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম এবং রাবাতে উপস্থিত ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। সেখানে সাম্প্রতিক বিতর্কিত বিষয়সহ যে ভুল হয়েছে তা স্বীকার করা হয়েছে এবং প্রক্রিয়াটি ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল বলে জানানো হয়। ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর কাছে একটি চিঠি পাঠিয়ে ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ ছাড়াও বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ থেকে চূড়ান্তভাবে সরে দাঁড়ানোর বিষয়ে ফিফা স্পষ্ট করে বলছে, এফএফই প্রস্তাবটি এখন ‘সম্পূর্ণভাবে বাতিল’ করা হয়েছে। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে এবং ফিফা ভবিষ্যতে নিজেদের প্রক্রিয়া আরও উন্নত করবে।
এদিকে, ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ‘ইউরোপিয়ান লিগস’—যার সদস্যদের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ রয়েছে; তারা ফিফার শাসনব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে। তাদের মতে, এফএফই প্রস্তাব ছিল বিপজ্জনক এবং এটি ফিফার পরিচালনা পদ্ধতি, অভ্যন্তরীণ সংস্কৃতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।






