সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার দেশটির পূর্বাঞ্চলে রাস তানুরা এলাকায় রোববার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রোববার (২৮ জুন) রাস তানুরায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত এই রাস তানুরা এলাকাটি আরামকোর গুরুত্বপূর্ণ তেল টার্মিনালের জন্য পরিচিত। মাত্র তিন দিন আগে, প্রায় চার মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে এই টার্মিনাল থেকে আবার অপরিশোধিত তেল রফতানি শুরু হয়েছিল।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা






