মাদকবিরোধী চলমান অভিযানকে আরও জোরদার করতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তিনজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশের একটি দল উপজেলা চত্বরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে মোরছালিন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কারেন্টহাট এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে মাদক সেবনরত অবস্থায় আশিক ইসলাম (২৯) ও গোলাম রব্বানী (৩২) নামে আরও দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক তিনজনকেই ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, আটক ব্যক্তিদের যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






