রাজধানী

জন্মের পর জানানো হলো ছেলে, দুই ঘণ্টা পর বলা হলো মেয়ে! মুগদা মেডিকেলে রহস্যে হতবাক পরিবার

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের লিঙ্গ পরিচয় নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর রহস্য। ডেলিভারির পর এক দম্পতিকে প্রথমে জানানো হয় তাদের পুত্রসন্তান জন্ম নিয়েছে। এমনকি হাসপাতালের একটি প্রাথমিক নথিতেও “Baby Male” উল্লেখ করা হয়। কিন্তু মাত্র দুই ঘণ্টা পর শিশু ওয়ার্ডে গিয়ে তারা জানতে পারেন নবজাতকটি কন্যাসন্তান।
ঘটনাটি নিয়ে উদ্বেগ, বিভ্রান্তি ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে ভুক্তভোগী পরিবার। তারা আশঙ্কা করছেন, কোনো ধরনের প্রশাসনিক ভুল কিংবা অন্য কোনো অনিয়ম ঘটেছে কি না।
ভুক্তভোগী আরিফ ও মিনু দম্পতির দাবি, প্রায় দুই সপ্তাহ আগে মিনুকে প্রসবের জন্য মুগদা মেডিকেলে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। প্রসবের পর দায়িত্বপ্রাপ্ত আয়া তাদের জানায়, একটি ছেলে শিশু জন্ম নিয়েছে। পরে চিকিৎসকরাও একই তথ্য নিশ্চিত করেন বলে পরিবারের দাবি।
আরও বিস্ময়ের বিষয় হলো, পরিবারের হাতে থাকা একটি হাসপাতাল-সংক্রান্ত নথিতে নবজাতকের লিঙ্গের স্থানে “Baby Male” লেখা রয়েছে বলে তারা জানিয়েছেন।
কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় প্রায় দুই ঘণ্টা পর। শিশু ওয়ার্ডে নবজাতকের খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারেন, তাদের সন্তান কন্যা। এরপর থেকেই পরিবারটি চরম অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে।
আরিফ ও মিনু বলেন, “আমাদের কাছে ছেলে-মেয়ের কোনো পার্থক্য নেই। কিন্তু শুরুতে ছেলে বলে জানানো হলো, পরে মেয়ে বলা হলো। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সন্তানটি আসলেই আমাদের কি না।”
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নবজাতকের পরিচয় নিয়ে এমন বিভ্রান্তির ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনের দাবিতে সরব হয়েছে পরিবারটি। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন তারা।

Leave a Reply