সারাদেশ

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৬৬ হাজার ২৩০ টাকায় এক কাতারপ্রবাসীর কিনে নেন।

রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, খলিল হালদার সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা নদীতে মাছ ধরতে যান। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে কলাবাগান এলাকায় জাল ফেলেন তারা। ভোরে জাল তুলতে গিয়ে দেখতে পান বড় আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

পরে মাছটি দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে বিক্রির জন্য আনা হয়। সেখানে ওজন করলে মাছটির ওজন হয় ৩৫ কেজি ৮০০ গ্রাম। উন্মুক্ত নিলামে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি মাছটি ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ২৩০ টাকায় এক কাতারপ্রবাসীর কাছে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বাঘাইড় মাছ খুব কমই পাওয়া যায়। এজন্য বেশি দাম দিয়েই মাছটি কিনেছেন। পরে সেটি এক কাতারপ্রবাসীর কাছে বিক্রি করা হয়েছে। মাছটি সিলেটে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

জেলে খলিল হালদার বলেন, রাতে কয়েকবার জাল ফেলেও মাছ পাননি। শেষবার জাল ফেলতেই মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রি করে তিনি এবার ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে জানান।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি বলেন, মাছটি পেয়ে জেলে ভালো দাম পেয়েছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply