বিচারহীনতা, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে কঠোর পদক্ষেপের দাবি; মানবাধিকারকর্মীদের উদ্বেগ
দিনাজপুরে নারী ও কন্যাশিশুর প্রতি যৌন সহিংসতা, নির্যাতন ও সামাজিক অনাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা। মঙ্গলবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতারা অংশ নেন।
“নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি রত্না মিত্র। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। ধর্ষণ, হত্যা ও সহিংসতার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে অপরাধীরা রাজনৈতিক ও সামাজিক প্রভাব কাজে লাগিয়ে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, কিশোর গ্যাংয়ের বিস্তার, মাদক এবং সামাজিক অবক্ষয় বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সমাজ বিশ্লেষকরা বলেন, নারী নির্যাতন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়; এটি সামাজিক ও মানসিক সংকটেরও বহিঃপ্রকাশ। তাদের মতে, পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, লিঙ্গ বৈষম্য, প্রযুক্তির অপব্যবহার এবং অপরাধের দ্রুত বিচার না হওয়ায় সহিংসতা বাড়ছে। তারা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মানবিক ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

মানবাধিকারকর্মীরা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তারা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, নিরপেক্ষ বিচার এবং ভুক্তভোগীদের জন্য আইনি ও মানসিক সহায়তা জোরদারের দাবি জানান। একই সঙ্গে শিশু ও নারীবান্ধব সামাজিক পরিবেশ গড়ে তুলতে সরকার, পরিবার ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, সিপিবি নেতা অমৃত রায়, সমাজকর্মী মুকিদ হায়দারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।






