জাতীয়

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে যুক্তরাষ্ট্রের “বেস্ট ফিউচার জেনারেশন্স” বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বলেন, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, অপুষ্টি ও নির্যাতনসহ নানা সামাজিক সমস্যা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই বিদ্যমান। এসব সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে এবং ভবিষ্যতে স্কুল মিল, শিশু স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।

অন্যদিকে, শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, সারা দেশে মিড-ডে মিল চালু করা, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদান এবং বিদ্যালয়ে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও আনন্দমুখী করতে ক্রীড়া শিক্ষক ও কৃষি শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সহজ করতে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজীকরণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি ইংরেজি শিক্ষা উন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান তিনি। তিনি শিক্ষা ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে। প্রতিনিধি দল বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, সচিব পর্যায়ের একাধিক কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply