রাজধানীর মিরপুরে, দারুস-সালাম থানার অন্তর্গত নিডলস পয়েন্ট ফ্যাশন গার্মেন্টসের কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বকেয়া বেতনের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা জানান, “আমরা শ্রম দিয়ে প্রতিষ্ঠান চালাই, কিন্তু বারবার বেতনের জন্য অপেক্ষা করতে হয়। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।” আন্দোলনটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ছিল।
দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়ার সাংবাদিক জে এফ শাহীন শ্রমিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেন। তার মধ্যস্থতায়, নিডলস পয়েন্ট ফ্যাশন গার্মেন্টসের বায়ার সবুজ ও মোঃ আলমগীর হোসেন মোট ১৬ লক্ষ টাকা তুলে সকল শ্রমিকের বেতন পরিশোধ করেন। অপারেটর ও হেলপারদের পূর্ণ বেতন দেওয়া হয়েছে, এবং সিনিয়র স্টাফদের বকেয়া বেতনের চার ভাগের এক ভাগ প্রদান করা হয়েছে।
নিডলস পয়েন্ট ফ্যাশন গার্মেন্টসের মালিক হুমায়ুন কবির বলেন, ব্যবসায়িক সংকটের কারণে ফ্যাক্টরি চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি সকলের কাছে সহযোগিতা চান।
স্থানীয় মানবাধিকার কর্মীরা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন, তা সম্মানযোগ্য। বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা উচিত।”
নিদর্শকরা বলেন, “শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা সমর্থন করি। সকলের উচিত তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।”
কর্মসূচির সময় দারুস-সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সম্পূর্ণ নীরব ছিলেন। শ্রমিকরা জানান, “ওসি কোনো পদক্ষেপ নেননি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কোনো প্রতিক্রিয়া নেই।”
শ্রমিকরা জানিয়েছেন, আংশিক বেতন পেয়ে তারা আপাতত কর্মসূচি স্থগিত রেখেছেন। নির্ধারিত সময়ের মধ্যে বাকি বেতন না পেলে পুনরায় আন্দোলন শুরু করা হবে।






