মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষ চলে।
এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত দু’জন আহত হন। আহতদের মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, একদল কিশোর ও তরুণ দেশীয় অস্ত্র হাতে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে। বালতির মধ্যে রাখা হাতবোমাও ব্যবহার করা হয়। দুই পক্ষের সংঘর্ষের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। দেড় মাসে তিনবার এই ধরনের সংঘর্ষ সংঘটিত হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই এলাকায় সংঘর্ষের ঘটনা নতুন নয়। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






