রাজধানীর মিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মহিতাজ মুসকান (২২)। তার হেফাজত থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৮টা ১৫ মিনিটে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পীরেরবাগের ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে ইয়াবা বিক্রির প্রস্তুতির খবর পেয়ে থানার একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে তাকে আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, এলাকায় সন্দেহজনক যাতায়াত ও যুবকদের আড্ডা নিয়ে দীর্ঘদিন উদ্বেগ ছিল। পুলিশের অভিযানে তারা স্বস্তি পেয়েছেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিরাজ প্রামাণিক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ইয়াবা সংরক্ষণ, বহন ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত পরিমাণ আদালতে প্রমাণিত হলে তা বাণিজ্যিক পরিসরের অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে চূড়ান্ত রায় আদালতের এখতিয়ারভুক্ত বিষয়।
সংশ্লিষ্টরা বলছেন, ইয়াবা তরুণ সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটানোর পাশাপাশি সামাজিক অপরাধ প্রবণতাও বাড়ায়। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
Home » মিরপুরে ১,৫৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
মিরপুরে ১,৫৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
এ সম্পর্কিত আরও পড়ুন
উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত
October 17, 2026
আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ
October 15, 2026






