খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় আবারও চঞ্চল্যকর গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ বাজার সংলগ্ন রহমানিয়া প্রথম গলিতে দুর্বৃত্তদের গুলিতে আইনুল (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে আইনুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, আইনুলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গুলির ঘটনায় কারা জড়িত এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’






