হাড়কাঁপানো শীতে যখন দিনাজপুরের চিরিরবন্দরের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি (বর্ডার গার্ড বাংলাদেশ)।
গত শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সীমান্ত ব্যাংক পিএলসি’র চিরিরবন্দর শাখার ব্যবস্থাপনায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন–২৯ বিজিবি’র পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এম. জাবের বিন জব্বার, পিএসসি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. মিজানুর রহমান এবং সীমান্ত ব্যাংক পিএলসি চিরিরবন্দর শাখার ব্যবস্থাপক মো. রেজওয়ান শরীফ।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শীতার্ত মানুষের হাতে নিজ হাতে কম্বল তুলে দেন। এ সময় উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সীমান্ত ব্যাংক চিরিরবন্দর শাখার ব্যবস্থাপক মো. রেজওয়ান শরীফ বলেন, “ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সীমান্ত ব্যাংকের একটি নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে কষ্টে থাকা মানুষের পাশে থাকতেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সীমান্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শীতার্ত মানুষ উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে অনেকেই সীমান্ত ব্যাংক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






