ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ওই বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ‘যমুনা লাইন পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস। পথে ভাঙ্গা ব্রিজ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় দ্রুত গতির বাসটি। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মামুন রশিদ জানান, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা লাইন পরিবহনের একটি বাস গাছের সাথে ধাক্কা লাগে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।






