রাজধানী

অস্ত্র ও গুলিসহ পল্লবীর চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-মিরপুর)। গ্রেপ্তারকৃতের নাম আশিকুর ইসলাম শান্ত (২০)। সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—পল্লবীর ১১ নম্বর সেকশনের মেঘবরণ রেস্টুরেন্ট এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম এবং মিরপুর জোনাল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আশিকুর ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর-১০ নম্বর সেকশনের ডি-ব্লক, প্যারিস রোডে অবস্থিত পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের নিচতলার সিঁড়ির তলা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড ৯ এমএম গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড ৭.৬২ এমএম গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত আশিকুর ইসলাম শান্ত স্বীকার করেছে যে, সে সন্ত্রাসী গ্রুপ ‘ভইরা দে’-এর সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে পল্লবী এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

উল্লেখ্য, আশিকুর ইসলাম ডিএমপির বিভিন্ন থানায় দায়ের করা ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট ১০টি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply