রাজধানী

তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে মতিঝিলে ব্যতিক্রমী আয়োজন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ–বি৯৮৫) ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর মতিঝিল এলাকায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী ও জনবান্ধব কর্মসূচি। বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান শাখা ও হেড অফিস প্রাঙ্গণে এই আয়োজন সরাসরি উপভোগের জন্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে বড় পর্দার প্রোজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান প্রদর্শনের ব্যবস্থা করা হয়, যা পথচারী ও আশপাশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে। মতিঝিল এলাকার রিকশাচালক, ভ্যানচালক, বাদাম বিক্রেতা ও হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন আয়োজন তাদের জন্য এক অনন্য আনন্দ ও স্বস্তির উপলক্ষ হয়ে ওঠে।

একজন রিকশাচালক বলেন, “আমাদের পক্ষে ৩০০ ফুট দূরে গিয়ে কিছু দেখা সম্ভব হয় না। এখানে বসেই সবকিছু উপভোগ করতে পারছি—এটা আমাদের জন্য অনেক ভালো উদ্যোগ।”

আরেকজন হকার জানান, কৃষি ব্যাংক অফিসের সামনে এ ধরনের ব্যবস্থা নেওয়ায় সাধারণ মানুষ খুব সহজেই অংশ নিতে পারছে।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে একটি ব্যতিক্রমী স্মরণীয় উদ্যোগ গ্রহণ করা হয়। তারেক জিয়ার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা একটি ৫০০ পৃষ্ঠার নোটবুকে স্বাক্ষর প্রদান করেন। এই নোটবুকটি ২৫ ডিসেম্বর তারিখে সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে একটি ঐতিহাসিক দলিল ও স্মারক হিসেবে বিবেচিত হবে বলে জানান আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল একটি ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তকে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং উৎসবমুখর পরিবেশে জনসম্পৃক্ততা নিশ্চিত করা। তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক, স্মরণীয় ও অংশগ্রহণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সিটি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।
সংশ্লিষ্টদের মতে, একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রাঙ্গণে শৃঙ্খলাবদ্ধ, জনবান্ধব এবং স্মরণীয় এ ধরনের আয়োজন ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং জনমনে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply