রাজধানী

শাহ্ আলী থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাসির গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে শাহ্ আলী থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাসির গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গুদারাঘাট এইচ ব্লক মেইন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাহ্ আলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়ে শাহ্ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দৈনিক আমাদের সমাচার-এর প্রতিনিধিকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পরও নাসির গাজী প্রকাশ্যে এলাকায় ঘুরাঘুরি করছিলেন। পাশাপাশি আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা করা এবং দলের সঙ্গে তার সক্রিয় ও স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নাসির গাজীকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন নেতা-কর্মী শাহ্ আলী থানার সামনে হট্টগোল সৃষ্টি করেন। এতে থানার আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহ্ আলী থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply