গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ঢাকা মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুরাদ হোসেন (৬৫) মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারারক্ষীরা মুরাদ হোসেনকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, মুরাদ হোসেন হত্যাসহ মোট তিনটি মামলায় অভিযুক্ত ছিলেন এবং হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল ১৬৪৪/২৫।
মারা যাওয়া মুরাদ হোসেন মিরপুর-১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক কমিশনার ছিলেন। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার।
ঘটনাটি তদন্তে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।






